ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

শিরোনাম

শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগের ঘোষণা ভূমিমন্ত্রীর

  • আপডেট: Saturday, August 1, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একটি বিশেষায়িত ডেন্টাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ১২তলা হাসপাতাল ভবনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পাশাপাশি চীনা সহযোগিতায় নগরীতে একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণাও দেন তিনি।

শনিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, চিকিৎসক পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। কেবল সনদ অর্জনই শেষ কথা নয়, রোগীদের সঙ্গে মানবিক ও আমায়িক আচরণের মাধ্যমে তাদের আস্থা, ভালোবাসা ও হৃদয়ে স্থান করে নিতে হবে। সৃষ্টিকর্তার নামে নেওয়া শপথ যেন কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সুনির্দিষ্ট প্রতিফলন ঘটায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মো. ফয়সাল আলম এবং উপাধ্যক্ষ অধ্যাপক মো. জহিরুল হক। অনুষ্ঠানের শুরুতেই ৬২তম ব্যাচের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক পেশাগত দায়িত্ব পালনের আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন।

সোনালী/জগদীশ রবিদাস