ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নগরীতে জামায়াতের গণমিছিল

  • আপডেট: Saturday, August 1, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এ দিন রাজশাহী নিউমার্কেট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে মনিচত্বর, আলুপট্টি ও কুমারপাড়া প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার ও জনরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

পথসভায় প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল অধিকার, গণতন্ত্র এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। আন্দোলনে অগণিত মানুষের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতিফলন এবং গণহত্যার নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করা অপরিহার্য।

বক্তারা আরও বলেন, কোনো জাতি তার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষা করে এগোতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্য ও স্বৈরাচারমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দীর্ঘায়িত হতে পারে। তাই কালক্ষেপণ না করে দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকরসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।

পথসভায় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও ডা. মো. জাহাঙ্গীর, মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, ত্রাণবিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ এবং তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস