নগরীতে অপহৃত কিশোরীকে উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর দামকুড়া থানার একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার ১৫ বছর বয়সী ভিকটিম আল আসমাউল হুসনা তাসনিমকে উদ্ধার করেছে র্যাব-৫-এর একটি দল।
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি কোম্পানির আভিযানিক দল মহানগরীর লক্ষ্মীপুর চৌরাস্তার পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
র্যাব জানায়, গত ১০ জুলাই রাতে ভিকটিম তার মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে দেশলাপাড়া বিলসংলগ্ন সড়ক থেকে প্রতিবেশী মো. সাকিব (২১) ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে।
এ ঘটনায় ১১ জুলাই দামকুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হলে র্যাব তদন্তে নামে। উদ্ধারের পর ভিকটিমকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য দামকুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।











