ঢাকা | জুন ২৬, ২০২৬ - ৩:২১ পূর্বাহ্ন

পবায় প্রতিবন্ধী, দুঃস্থ ও শিক্ষার্থীদের সহায়তা প্রদান

  • আপডেট: Thursday, June 25, 2026 - 11:17 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তি, ভিক্ষুক পুনর্বাসন, দুঃস্থ পরিবার ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে এসব সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বর ও অনুষ্ঠানস্থলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সুবিধাভোগীরা আসতে থাকেন। কেউ এসেছিলেন চলাচলের সহায়তা হিসেবে হুইল চেয়ার নিতে, কেউ ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থের আশায়, আবার কেউ এসেছিলেন ভিক্ষাবৃত্তি ছেড়ে নতুন জীবিকার স্বপ্ন নিয়ে। সহায়তা হাতে পেয়ে অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু, মুখে ছিল স্বস্তির হাসি।

অনুষ্ঠানে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হয়। ভিক্ষুক পুনর্বাসন সহায়তার আওতায় ২৫ জনকে পুনর্বাসনের জন্য সহায়তা দেওয়া হয়। এ ছাড়া ৪২ জন দুঃস্থ ব্যক্তি ও ১০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে মোট ৭৮ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন সুবিধাভোগীকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা দেওয়া হয়।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে দুপুর ১২টায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম পবা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি। এতে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশ নেন। দুপুর ২টায় জেলা প্রশাসক পবা উপজেলার পারিলা ইউনিয়নের বৈরাগীর খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সমস্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।