ঢাকা | জুন ২৬, ২০২৬ - ১:২৯ পূর্বাহ্ন

নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট: Thursday, June 25, 2026 - 11:16 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসবে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১১৩জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুসহ সর্বমোট ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আগামী ২৮ জুন সারাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, শিশুর সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টিজনিত নানা ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা দেয়। তাই প্রতিটি শিশুর জন্য নির্ধারিত বয়স অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ সময় রাজশাহী মহানগরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্নে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সার্বিক তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। সংবাদ সম্মেলনে রাসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মহানগরীর বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বুধপাড়া আলিম মাদ্রাসার ৪র্থ তলা নতুন ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন রাসিক প্রশাসক। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।