ঢাকা | জুন ১৪, ২০২৬ - ২:৩১ পূর্বাহ্ন

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট: Saturday, June 13, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: সারাদেশের মতো বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শনিবার দুপুরে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, সামাজিক বন বিভাগ, বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম এবং সামাজিক বন বিভাগ, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচির আওতায় পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে নিম, কদম, কাঠবাদাম, জাম, চালতা, আম, পেয়ারা, কাঁঠাল, জলপাই ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করা হয়।

সিটি কর্পোরেশন
শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী নগরজুড়ে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান প্রমুখ।

জেলা পরিষদ
শনিবার দুপুর ১২টায় নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা  উম্মে ফাতিমা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সভাপতি আসলাম সরকার, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু এবং বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু।

পবা
পবা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। এসময় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পবার বায়া ও মোহনপুর উপজেলা পরিষদ এলাকায়ও একই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর বারোটায় রহনপুর পৌর এলাকার পিরাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়। কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু, মিজানুর রহমান। এসময় তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

গোদাগাড়ী
প্রধানমন্ত্রীর নির্দেশনায় গতকাল শনিবার দুপুর ১২টায় গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে উপজেলার সোনাদিঘী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ওষুধি ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আরিফুর রহমান এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রহমান।

শিবগঞ্জ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বাস্তবায়নাধীন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগের উদ্যোগে শিবগঞ্জ পৌরসভা ও শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ সময় তিনি সকলকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।