ঢাকা | জুন ১৪, ২০২৬ - ১২:৩৬ পূর্বাহ্ন

সোনালী সংবাদে খবর প্রকাশের পর মহাদেবপুর উপজেলা বিএনপির সম্পাদকের বিরুদ্ধে মামলা

  • আপডেট: Saturday, June 13, 2026 - 10:43 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী অঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক সোনালী সংবাদে সচিত্র সংবাদ প্রকাশের পর অবশেষে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ার জেরে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডলসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

শনিবার নির্যাতিতা গৃহবধূ-উপজেলার মহিষবাথান সরদারপাড়া গ্রামের আহাদ আলীর স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে মহাদেবপুর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় আব্দুল মতিন মণ্ডল, তাঁর শ্যালক ও শ্যালকের স্ত্রীসহ ছয়জনকে নামীয় আসামি করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে হাসিনা খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, যা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুন) হাসিনা খাতুন উপজেলার গাহলী বাজারে আব্দুল মতিনের বিরুদ্ধে জমি দখল ও মারপিটসহ বিভিন্ন অভিযোগে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন। এরই জের ধরে গত শুক্রবার সকালে আসামিরা তাঁর বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ও তাঁর স্বামীকে মারধর করে।

পরে গৃহবধূকে বাড়ির পাশে একটি ডাব গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে সারা শরীরে ও শরীরের নিম্নাংশে মরিচের গুঁড়ো মাখিয়ে দেয়া হয়। ওই সময় আসামিপক্ষ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়। পরে হাসিনার মেয়ে থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে বন্দিদশা থেকে উদ্ধার করে এবং স্বামী-স্ত্রী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এদিকে ঘটনার পর গৃহবধূকে গাছের সাথে বেঁধে রাখার ছবিসহ সংবাদ ও নির্যাতনের বিবরণের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং ‘দৈনিক সোনালী সংবাদসহ মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৫৪, ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।