ঢাকা | জুন ৬, ২০২৬ - ১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় বিএনপি নেতার মৎস্য প্রকল্পে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

  • আপডেট: Friday, June 5, 2026 - 10:29 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ ঢেলে প্রায় অর্ধকোটি টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী মৎস্য চাষি আতাউর রহমান শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

এ ঘটনায় শুক্রবার বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী খাঁ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতা আতাউর রহমান শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত খালের (দাঁড়া) দুপাশের ৭০ বিঘা জমি ৫ বছরের জন্য লিজ নিয়ে একটি প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছিলেন। পূর্বে এই প্রকল্পে অংশীদার (শেয়ারহোল্ডার) হিসেবে যুক্ত ছিলেন আওয়ামী লীগ নেতা আশরাফ আলী খাঁ, আবু তাহেরসহ স্থানীয় কয়েকজন নেতাকর্মী।

তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে তারা আত্মগোপনে চলে যান। সম্প্রতি আশরাফ আলী ও আবু তাহের এলাকায় ফিরে এসে ওই মৎস্য প্রকল্পটির দখল নিতে আতাউর রহমানকে হুমকি দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, এই বিরোধের জেরে গতকাল শুক্রবার ভোরে ওই প্রকল্পের পানিতে বিষ ঢেলে দেওয়া হয়। এতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, মিরর কার্প (জাপানি রুই), কালবাউশ ও গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ চাষ করা মাছ মরে ভেসে ওঠে। প্রকল্পে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক আতাউর রহমান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এটি অত্যন্ত অমানবিক একটি ঘটনা। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।