ঢাকা | জুন ১৩, ২০২৬ - ২:৫০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা নিয়ামতপুরের দুরুল হোদা

  • আপডেট: Friday, June 5, 2026 - 10:30 pm

রেজাউল ইসলাম সেলিম, নিয়ামতপুর থেকে: কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর সততা থাকলে যে কোনো বাধা পেরিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব। তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহারা গ্রামের কৃতি সন্তান দুরুল হোদা। তিনি ২০২৬ সালের ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এইউইও) নির্বাচিত হয়েছেন।

রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়নে এই গৌরবময় স্বীকৃতি পান তিনি। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা এই কর্মকর্তা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় কর্মরত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, নিয়মিত ও নিবিড় বিদ্যালয় পরিদর্শন, গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই শ্রেষ্ঠত্বের আসনে ভূষিত করা হয়। তার এই সাফল্যে নিজ গ্রাম পানিহারাসহ গোটা নিয়ামতপুর ও নিয়ামতপুরেরর প্রাথমিক শিক্ষা পরিবার আজ গর্বিত।

খোঁজ নিয়ে জানা যায়, নিয়ামতপুরের প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছেন দুরুল হোদা। শৈশব থেকেই মেধা, সততা ও অধ্যবসায় ছিল তার নিত্যসঙ্গী। পানিহারা গ্রামের সাধারণ জীবন থেকে উঠে এসে আজ তিনি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একজন দক্ষ ও সফল কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মুঠোফোনে এ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে হলে তিনি জানান, এমন একটি স্বীকৃতি পাওয়ায় তাকে খুব ভালো লাগছে। যা তার আগামী কর্ম জীবনকে আরো উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

এদিকে, দুরুল হোদার এই স্বীকৃতি অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর পানিহারা গ্রামসহ নিয়ামতপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। উল্লেখ্য, আগামী ৯ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স কক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।