ঢাকা | জুন ৪, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে বাঁচতে অটোরিকশা থেকে যাত্রীর লাফ, ভাঙল হাত

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:15 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সিএনজিচালিত অটোরিকশার ভেতরে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের কবল থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েছেন জোবায়ের মল্লিক (২৯) নামের এক যাত্রী। এতে কোনো রকমে তাঁর প্রাণ বাঁচলেও ডান হাত ভেঙে গেছে। গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গোনা এছাহক চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত জোবায়ের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের নূর মল্লিকের ছেলে। ঘটনার পর রাতেই তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতের বড় ভাই নাহিদ মল্লিক জানান, জোবায়ের ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার রাত ১০টায় নওগাঁ থেকে বাসযোগে তাঁর ঢাকায় ফেরার কথা ছিল। সেই উদ্দেশ্যে রাত ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নওগাঁ যাওয়ার জন্য মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।

তিনি আরও জানান, অটোরিকশাটি গোনা এছাহক চত্বর এলাকায় পৌঁছালে ভেতরে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে জোবায়েরের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন দাবি করে। জোবায়ের তাঁর কাছে টাকা নেই জানালে ছিনতাইকারীরা তাঁর পেটে চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় প্রাণ বাঁচাতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। পরে ছিনতাইকারীরা দ্রুত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর জোবায়ের মোবাইল ফোনে পরিবারকে জানালে স্বজনরা এসে তাঁকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, পতনের আঘাতে তাঁর ডান হাত ভেঙে গেছে।

এদিকে খবর পেয়ে রাতেই রাণীনগর থানা-পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন জোবায়েরের খোঁজখবর নিয়েছে। রাণীনগর থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।