রাজশাহীসহ ৪০ জেলায় বইছে তাপপ্রবাহ
স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ দেশের ৪০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে গতকাল মঙ্গলবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি জুন মাসে দেশে একাধিকবার তাপপ্রবাহের আভাস রয়েছে। রাজশাহীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল গত ২৯ মে শুক্রবার। দেশের বেশির ভাগ জেলায় বৃষ্টি না হওয়ায় গরমের অনুভূতি বেড়েছে। গতকাল দেশের ৪০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আজ বুধবারও অব্যাহত থাকতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলে শুরু হয়েছে আবহাওয়ার এই বিরুপ প্রভাব। ৪ দিনব্যাপী মৃদু থেকে মাঝারি এই তাপপ্রবাহে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে বের হচ্ছেন না। হাসপাতালগুলোতেও বেড়েছে গরম জনিত রোগীর সংখ্যা। ডাক্তাররা এসময় সকলকে সাবধানে চলাচল করতে বলছেন।
জ্যৈষ্ঠ মাসের এই বিরুপ আবহাওয়ায় খেতের ফসল নিয়ে বেকায়দায় পড়েছেন চাষিরা। কাক্সিক্ষত বৃষ্টি না হওয়ায় অনেকে সবজিসহ অন্যান্য ফসলে সেচ দেয়া শুরু করেছেন। ভ্যাপসা গরমে আম গাছেই পাকতে শুরু করায় আম নিয়ে বিকায়দায় চাষিরা। এই সুযোগকে কাজে লাগিয়ে ঈদের পর চাহিদা না থাকার অজুহাতে মধ্যসত্বভোগিরা কম দামে আম কিনছেন চাষিদের কাছ থেকে। এতে অনেক আমচাষির লোকসান হবে বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।











