ঢাকা | জুন ৩, ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ন

শিবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১২, আটক ২

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 10:19 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার মনাকষা-চৌকা এলাকায় এ ঘটনায় ঘটে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাহিদুর রহমানের সাথে মুকুলের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দুপুরে মনাকষা-চৌকা এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত মাহিদুর রহমান বলেন, আমার ভাই ও ভাতিজা মিলে ৬-৭ জন মনাকষা-চৌকা বাগানে আম পাড়তে যায়। এ সময় আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে গুরুত্বর জখম করেন সাহেব, তোজাম্মেল ও মান্নানসহ সহযোগিরা। এর মধ্যে আমার ভাই বাহাদুর ও ভাতিজা আল আমিনের আবস্থা গুরুত্বর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে পাল্টা অভিযোগ করে আবদুল হাকিম বলেন, আমরা হামলা করিনি বরং তারাই আমাদের বাগানে জোর করে আম পাড়তে গেলে বাধা দিলে সংঘর্ষ বাধে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।