ঢাকা | জুন ২, ২০২৬ - ১১:৩৭ অপরাহ্ন

শিবগঞ্জে গৃহ-পরিচারিকার মরদেহ উদ্ধার

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 10:19 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়নী খাতুন (১৪) নামে এক গৃহ-পরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার মোহনবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নয়নী খাতুন উপজেলার ধাইনগর ইউনিয়নের আঁখিরা গ্রামের রুবেল আলীর মেয়ে।

ওসি বলেন, উপজেলার মোহনবাগ এলাকায় জান্নাতুল ফেরদৌসী নামে এক নারীর বাড়িতে গৃহ-পরিচারিকার কাজ করতেন নয়নী খাতুন। তাদের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে ওই বাড়ি থেকে নয়নীর মরদেহ উদ্ধার করে। বাড়ির লোকজন দাবি করেছে নয়নী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে স্থানীয়দের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে সোমবার বিকেলে কাউকে কিছু না বলে একটি ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নয়নী। তবে পুলিশ নয়নীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পায়নি। পুলিশ যাওয়ার আগেই মরদেহ নামিয়ে ফেলা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।