ঢাকা | জুন ২, ২০২৬ - ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

সাত দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে গতকাল সোমবার খুলছে সরকারি -বেসরকারি অফিস, আদালত, ব্যাংক- বীমা ও অন্যান্য প্রতিষ্ঠান।

গত ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদের ছুটি উপলক্ষে ২৪ মে ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। দেশের সব গণমাধ্যমে শেষ কর্মদিবস ছিল ২৫ মে। সংবাদ কর্মীদের ৫ দিন আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৭ দিনের ছুটি। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব গণমাধ্যমের ঈদের ছুটি শেষ হয় ৩০ মে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শেষ হয়েছে ৩১ মে।

সোমবার ১ জুন ছুটি শেষে রাজশাহীর বিভিন্ন কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করেছেন। গতকাল সকাল ৯টা থেকেই অফিসগুলোতে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় সকল কর্মকর্তা-কর্মচারীই কাজে যোগ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেউ কেউ ব্যাগ হাতে গ্রাম থেকে সরাসরি অফিসে এসে যোগ দিয়েছেন। তাদের কথায় ও আচরণে ছিল ঈদের আনন্দের রেশ। অফিসের স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে।

অনেকেই বলছেন, আজকের দিনটি মূলত অফিস খোলার আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে কাটছে।  দীর্ঘ ছুটি শেষে আজ থেকে লাখো কর্মজীবি মানুষ নিজ কর্মস্থলে ফিরছেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারেও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও আজ থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলেছে।