ঢাকা | জুন ১, ২০২৬ - ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।

সোমবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে এসে তিনি বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এ সময় কার্যালয়জুড়ে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা বহন করে। ঈদের এই মহান চেতনাকে ধারণ করে আমাদের সকলকে জনগণের কল্যাণে আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তিনি।

এ সময় কর্মকর্তা-কর্মচারীরাও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন, সহকারী প্রকৌশলী আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আলেফ আলীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।