ঈদে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
শিবগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি সই করা এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।
ওই পত্রে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৩ জুন থেকে বন্দরেরর সব কার্যক্রম পুনরায় চালু হবে।
এতে বলা হয়, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পত্রে আরো বলা হয়, বন্ধের সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে দুই দেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ঈদের দিনসহ প্রতিদিনই চালু থাকবে। বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্ধের মধ্যে লোড-আনলোড, গুদামজাতকরণ, পরিবহনসহ কিছু অভ্যন্তরীণ কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।











