ঢাকা | মে ১, ২০২৬ - ১:০৯ পূর্বাহ্ন

পবায় আগুনে পুড়ল টিসিবির পণ্য

  • আপডেট: Thursday, April 30, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি, চাল ও অন্যান্য পণ্য পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোর প্রায় তিনটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে নওহাটা কলেজ মোড় সংলগ্ন গোডাউন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেন। ঘটনাস্থল ঘুরে দেখা যায়, গোডাউনের ভেতরে থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়েছে। স্তূপ করে রাখা শত শত বস্তা পণ্য পুড়ে কালো কয়লায় পরিণত হয়েছে।

আগুনের তাপে গোডাউনের দেয়াল ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, গোডাউনের ভেতর ঘিঞ্জি পরিবেশ এবং বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

এদিকে সকালে টিসিবির পণ্য নিতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন নিম্ন আয়ের মানুষ। পণ্য নিতে আসা আছমা বিবি নামের এক মহিলা বলেন, ‘গতকাল এলাকায় মাইকিং করা হয়েছিল আজ টিসিবির পণ্য দেয়া হবে। সেই খবর পেয়ে এসে দেখি গোডাউনে আগুন লেগে সব পুড়ে গেছে। খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।’ পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোডাউনে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ জেনেছে। এ ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে।