ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে বিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেয়ার আবেদন

  • আপডেট: Monday, April 20, 2026 - 10:09 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাকশৈল গ্রামে বিচারাধীন জমিতে বাড়ি নির্মাণের নকশা অনুমোদন না দেয়ার জন্য প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন মীর আব্দুল কাদের।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, মহামান্য হাইকোর্টে আপিল মামলা নং সি.আর-৫৪৮৩/২০২৪ বর্তমানে বিচারাধীন রয়েছে। উক্ত মামলার অন্তর্ভুক্ত ৫৪ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলমান।

এরই মধ্যে একই এলাকার মীর মোঃ আব্দুল খালেক মীর পৌরসভার অনুমোদন ছাড়াই ওই জমিতে ইমারত নির্মাণের চেষ্টা করছেন, যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ধারা ৩৫ লঙ্ঘনের শামিল।

তিনি আরও জানান, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এবং নিজেকে মামলার বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে (তারিখ: ১০ মার্চ ২০২৬), তাই জমির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্মাণ বা নকশা অনুমোদন দেওয়া হলে তা আইনগত জটিলতা সৃষ্টি করতে পারে।

এ প্রেক্ষিতে তিনি কেশরহাট পৌরসভার প্রশাসকের নিকট আবেদন জানান, যাতে বিবাদীয় জমির বিষয়ে আদালতের রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে বাড়ি নির্মাণের কোনো প্লান বা নকশা অনুমোদন না দেয়া হয়।

আবেদনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।