ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: জেলা প্রশাসক

  • আপডেট: Monday, April 20, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: “দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কম সময় ও কম খরচে তাদের বিরোধ নিষ্পত্তি করতে পারে, সে জন্য গ্রাম আদালতের বিকল্প নেই” এমন মন্তব্য করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

তিনি বলেন, গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে ইতিবাচক প্রচার-প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করতে অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলে বিচার প্রক্রিয়া সহজ হবে, মামলা জট কমবে এবং জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে, যা সরকারের ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকিউল ইসলাম। তিনি বলেন, গ্রামীণ এলাকায় ছোটখাটো অপরাধ বা বিরোধের ঘটনাই বেশি ঘটে। এগুলো গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হলেও সচেতনতার অভাবে অনেকেই থানা বা জেলা আদালতে যান, ফলে সময় ও অর্থ দুই-ই অপচয় হয়। এ বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভাটি পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক লুৎফর রহমান।

এ সময় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক মিতা সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মনিরা খাতুন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, জেলা আনসার ভিডিপির সহকারী পরিচালক আব্দুল মোতালেব এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন।

এছাড়াও এনজিও ও সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, এ ধরনের সমন্বয় সভা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।