ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নিতে যাওয়া যুবকের জরিমানা

  • আপডেট: Sunday, April 5, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে ভুয়া পরিচয় ব্যবহার করে নিয়ম ভঙ্গ করে জ্বালানি তেল নেয়ার চেষ্টার অপরাধে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুর পৌনে ১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুলগফুর পেট্রল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর।

দণ্ডপ্রাপ্ত তৌহিদুর রহমান নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মোবারক হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় দিয়ে গুল গফুর পেট্রল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন।

বিষয়টি পাম্প কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণা ও অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।