ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

১৩ বছরের পথচলার অবসান: স্মৃতির আলোয় আপন ঠিকানায় বেবী

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: কখনো ফুটপাত, কখনো আবার ব্যস্ত সড়কের কিনারায়—কাপড় ও কম্বল বাঁধা একটি পুঁটলিই ছিল তাঁর সারা জীবনের সম্বল। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এক জায়গায় পড়ে থাকতেন, কাছে গেলে ছুড়ে মারতেন ইট। নিজের নাম-পরিচয় ভুলে যাওয়া সেই নারী যে একদিন স্মৃতি ফিরে পেয়ে নিজেই চিনে নেবেন স্বজনদের, তা হয়তো কেউ ভাবেননি। অবশেষে ১৩ বছর পর পরিবারের কাছে ফিরেছেন রাজশাহীর পবা উপজেলার কুখুন্ডি গ্রামের ৪১ বছর বয়সী বেবী খাতুন।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, বেবী খাতুনের বাবার নাম মেহের মোল্লা। ১১ ভাইবোনের মধ্যে তিনি অষ্টম। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, জানেন সেলাইয়ের কাজও। বেবীর বড় বোন জিনাহার বেগম মুঠোফোনে জানান, প্রায় ১৯ বছর আগে পবার পারিলা গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বেবীর। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হলেও মাত্র ছয় মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করেন বেবী এবং আদালত তাঁকে কারাগারে পাঠান।

জিনাহার বেগমের ভাষ্য, সাবেক স্বামীকে ভুলতে পারেননি বেবী। কারাগারেও নিয়মিত দেখা করতে যেতেন। একপর্যায়ে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নিতে অনুরোধ করেন সাবেক স্বামী। সেই আশ্বাসে মামলা তুলে নিলেও কথা রাখেননি তিনি। পরে বেবী সাবেক স্বামীর বাড়িতে গেলে তাঁকে মারধর করে তাড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ করেন বড় বোন। এরপর থেকেই বেবীর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় এবং ধীরে ধীরে মানুষকে চিনতে পারার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। এমনকি পরিবারের সদস্যদেরও চিনতে পারেননি আর।

একপর্যায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বেবী। রাজশাহী নগরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। স্বজনেরা বহুবার বাড়ি ফিরিয়ে নেয়ার চেষ্টা করলেও কাছে গেলেই আক্রমণাত্মক হয়ে উঠতেন তিনি। প্রায় দুই বছর ধরে নগরের বোয়ালিয়া থানার ঠিক পূর্ব পাশের একটি সড়কের ধারেই কেটেছে বেবীর দিন। স্থানীয়রা প্রতিদিনই তাঁকে দেখতেন। প্রচণ্ড রোদ কিংবা ভারী বৃষ্টিতেও জায়গা বদলাতেন না; কখনো অজ্ঞাত এক নারীর উদ্দেশে চিৎকার করতেন, আবার কখনো পথচারীদের দিকে ইট ছুড়ে মারতেন।

তবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ওই এলাকায় আর দেখা যাচ্ছিল না বেবীকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক কর্মী আলিয়া আক্তার প্রায় ২০ বছর ধরে হাসপাতালে ভর্তি হওয়া পরিচয়হীন রোগীদের দেখাশোনা ও পরিবারে ফেরানোর কাজ করেন। তিনি জানান, এক রিকশাচালকের ছোড়া ইটে বেবীর মাথায় গুরুতর আঘাত লাগে। সংক্রমণ ছড়িয়ে পড়ায় শারীরিক অবস্থার অবনতি হলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসার মধ্যেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বেবী এবং ফিরে পান হারানো স্মৃতি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছাড়পত্র নিতে হলে পরিবারের কাউকে দায়িত্ব নিতে হবে। এরপর বেবী নিজেই বাড়িতে গিয়ে দুই বোন জিনাহার বেগম ও সাবিনা বেগমকে নিয়ে আসেন। ছোট বোন সাবিনা বেগম রেজিস্টারে স্বাক্ষর করে দায়িত্ব নিলে গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র পান বেবী। বেবীর চিকিৎসা করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন।

তিনি বলেন, চলচ্চিত্রে যেমন আঘাতে স্মৃতি হারানো বা ফিরে আসার দৃশ্য দেখানো হয়, বাস্তবে তেমনটি ঘটে না। বেবীর ক্ষেত্রে স্মৃতি ফিরে আসার ঘটনাটি কাকতালীয়; মাথার আঘাতের কারণে নয়, বরং চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার পাশাপাশি তাঁর স্মৃতি ফিরে এসেছে। দীর্ঘ ১৩ বছর পর আপন ঠিকানায় ফেরা বেবীর এই গল্প কেবল হাসপাতাল থেকে বাড়ি ফেরার মধ্যেই সীমাবদ্ধ নয়—হারিয়ে যাওয়া স্মৃতি আর স্বজনদের ভালোবাসায় নতুন করে জীবন শুরু করার এক মানবিক অধ্যায়।

সোনালী/জগদীশ রবিদাস