ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

রুয়া রাজশাহী শাখার কমিটি অনুমোদন

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) রাজশাহী শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় নগরীর নানকিং দরবার হলে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়, যেখানে চার শতাধিক লাইফ মেম্বার উপস্থিত ছিলেন। মইনুল হোসেন শেখের সভাপতিত্বে এবং অধ্যক্ষ শাহাদৎ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রুয়ার সভাপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

এ ছাড়া বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রুয়ার সাংগঠনিক সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল, আ.স.ম মামুন শাহীন, মাইনুল ইসলাম এবং রুয়ার সদস্য মাওলানা আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, নিয়মিত শিক্ষার্থীদের সমস্যা সমাধানে রুয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রাক্তনদের অভিজ্ঞতা ও সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

নতুন কমিটিতে মইনুল হোসেন শেখ সভাপতি ও অধ্যক্ষ শাহাদৎ হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। অন্য পদাধিকারীরা হলেন সহসভাপতি মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক আ.স.ম মামুন শাহীন, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহাব সোহেল, দপ্তর সম্পাদক মো. রাইজুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক  কামারুজ্জামান এবং ক্রীড়া-বিনোদন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান। সদস্যরা হলেন একেএম সারওয়ার জাহান প্রিন্স, হাফেজ নূরুজ্জামান, সাজেদা খাতুন ও লতিফা নাজনিন সানজিদা।

সোনালী/জগদীশ রবিদাস