ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও ক্যাম্প সম্পন্ন

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিভাগীয় সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১৩৫ জন প্রতিযোগী অংশ নেন।

শুক্রবার নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্প হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি কারাতেকে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা উল্লেখ করে এর প্রসারে গুরুত্ব দেন এবং আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনে অবদান রাখা প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয় এবং কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও ব্যবসায়ী কে এম আতিকুর রহমান এলান। পরীক্ষক হিসেবে ছিলেন জাতীয় কারাতে কোচ জসিম উদ্দীন ও রেফারি কমিশনের সম্পাদক  শফিকুল আজম রাসেল; অনুষ্ঠান পরিচালনা করেন সদস্যসচিব শেখ মাহমুদুন্নবী তুষার।

সোনালী/জগদীশ রবিদাস