ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: ধর্মীয় প্রতিষ্ঠানকে সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রেখে এর পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। একই সঙ্গে সমাজে সৃষ্ট বিশৃঙ্খলা ও বিপথগামিতা থেকে শিশু-কিশোরদের রক্ষা করতে অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে পবার আল-হেরা ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসার আবাসিক ভবনের বেজ ঢালাইয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিভাবকদের উদ্দেশে শফিকুল হক মিলন বলেন, “আপনাদের প্রতি অনুরোধ করব, নিজের সন্তানদের প্রতি একটু খেয়াল রাখবেন। এখন সমাজে খুব বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ছোট ছোট বাচ্চাদের লোভ-লালসা দেখিয়ে গাড়িতে আগুন দিতে ও মানুষের বাড়ি পোড়াতে বলা হচ্ছে। এভাবে তাদের বিপথগামী করা হচ্ছে। সবাই এসব বিষয়ে একটু খেয়াল রাখবেন।”

পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আবাসিক ভবনের বেজ ঢালাইয়ের উদ্বোধন শেষে মোনাজাত করেন সংসদ সদস্য।

আল-হেরা ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসার সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শাহিন রেজা শান্নান, মাদ্রাসার প্রধান শিক্ষক মোকাম্মেল হোসেন, যুবদলের সাবেক সদস্য রবিউল আউয়াল, ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল ও বিএনপি নেতা সজিব।

সোনালী/জগদীশ রবিদাস