রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন, চাকরি স্থায়ীকরণ, চিকিৎসা ও বাড়িভাড়া ভাতা প্রদান এবং পেশাগত নিরাপত্তাসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের সঙ্গে একযোগে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিক্রয় প্রতিনিধি জোট।
শুক্রবার সকাল ১০টায় নগরীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে সংগঠনটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক বিক্রয় প্রতিনিধি অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিক্রয় প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এমনকি করোনাকালীন দুর্যোগের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন তাঁরা। অথচ দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত কর্মীরা ন্যায্য অধিকার, আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে রাজশাহী বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি রফিকুল আলম মুদুল বলেন, বিক্রয় প্রতিনিধিদের জীবনমান উন্নয়নে ন্যূনতম ২৫ হাজার টাকা মূল বেতন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং চাকরি স্থায়ীকরণ এখন সময়ের দাবি। পাশাপাশি বিক্রয় প্রতিনিধিরা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবেন, তা দ্রুত সুনির্দিষ্ট করতে হবে। দাবিগুলো বাস্তবায়নে টালবাহানা করা হলে সারা দেশের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মিলন খান বলেন, একটি প্রতিষ্ঠানের উৎপাদন ও বিপণন ব্যবস্থা সচল রাখতে বিক্রয় প্রতিনিধিরা দিনরাত পরিশ্রম করেন। অথচ দিনশেষে তাঁদের পরিবারকে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে হয়। ন্যায্য বেতন, বোনাস, চিকিৎসা ও আবাসন সুবিধা থেকে তাঁদের বঞ্চিত রাখা অমানবিক। যে প্রতিষ্ঠান কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে না, তাদের ব্যবসা পরিচালনার নৈতিক ভিত্তি নিয়েও প্রশ্ন ওঠে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সংগ্রহ ও সাংগঠনিক উন্নয়নবিষয়ক দায়িত্বপ্রাপ্ত গোলাম মোস্তফা, সহকারী পরিকল্পনা সম্পাদক আনোয়ার হোসেন এবং রাজশাহী শাখার সিনিয়র সহসভাপতি সুমন শেখসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা।
সোনালী/জগদীশ রবিদাস










