রাজশাহীতে পৃথক অভিযানে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান টুকু এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সুজাউদ্দৌলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মান্জাল।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর নগরীর মহিষবাথান গোরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। সেখান থেকেই রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে স্বজনেরা গোরস্থান থেকে তাঁর মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে যান।
উল্লেখ্য, নুরুজ্জামান টুকু রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের ছোট ভাই। আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নুরুজ্জামান টুকুকে রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার বিকেলে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, এর আগের দিন গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পবা উপজেলা বিএনপি নেতা শাজাহানের মালিকানাধীন ‘শিমুল অটো ফ্লাওয়ার মিল’ (আটার মিল) থেকে মোস্তাফিজুর রহমান মান্জালকে গ্রেপ্তার করে আরএমপির পবা থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মান্জালের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। অবশেষে মোবাইল ট্র্যাকিংয়ের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোনালী/জগদীশ রবিদাস










