ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

মসজিদ কমপ্লেক্সের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:09 pm

স্টাফ রিপোর্টার: মসজিদ আল্লাহর ঘর উল্লেখ করে এর উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মসজিদ কমপ্লেক্সটির উন্নয়ন সম্ভব হবে। একই সঙ্গে এ মসজিদ কমপ্লেক্সের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় শেষে রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ মসজিদটির উন্নয়নেও সহায়তা করা হবে। মসজিদ কমপ্লেক্স নির্মিত হলে এলাকার মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ আরও উন্নত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা এবং রাসিকের সাবেক মেয়র ও বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। শুভেচ্ছা বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব  মুরাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আলহাজ্ব আবু সাঈদ ও আলহাজ্ব আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও আলহাজ্ব  আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রউফ সরকারসহ কমিটির অন্যান্য সদস্য এবং ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব।

এছাড়া রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন ও নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসিম উদ্দীন আরজুসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক।

সোনালী/জগদীশ রবিদাস