ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ১০:৫৯ অপরাহ্ন

ভূমিমন্ত্রীর বাসার কাছে পটকা ফাটিয়ে চম্পট তরুণকে খুঁজছে পুলিশ

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: জয় বাংলা স্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফাটিয়ে পালিয়ে যাওয়া এক তরুণকে খুঁজছে পুলিশ। ওই তরুণের সম্ভাব্য একটি ছবি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেজে প্রকাশ করে তথ্য চাওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিকের ১১ নম্বর সড়কে পটকা ফাটান অজ্ঞাত ওই তরুণ। পাশেই ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি। পরে পটকা ছোড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অভিযুক্ত তরুণের মুখ ঝাপসা ছিল।

শুক্রবার আরএমপির ফেসবুক পেজে সম্ভাব্য চেহারার ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই ছেলেটি পটকাবাজ। কেউ চিনে থাকলে দ্রুত তথ্য দিয়ে ধরিয়ে দিন।’ চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ছেলেটি পটকা মেরে পালিয়েছে। এ নিয়ে ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছেলেটিকে খুঁজছি, তাকে আইনের আওতায় আনা হবে।’

সোনালী/জগদীশ রবিদাস