ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:03 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে দিনের বেলায় বাসার তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত বছরের ১৮ ডিসেম্বর উপজেলার গোকুলপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। দায়িত্ব পেয়ে তদন্ত শুরু করার আট দিনের মধ্যে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) পিবিআই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার গোকুলপুর গ্রামের টিটন কুমার ওরফে টিটু (২৬), রাজশাহীর বাগমারা উপজেলার নিমাই সরকার (২৭) ও দিলীপ কুমার (৩৭)। তাঁরা তিনজনেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তিনজনকেই জেলহাজতে পাঠায়।

পিবিআই সূত্রে জানা যায়, গত বছরের (২০২৫)  ১৮ ডিসেম্বর নিয়ামতপুর উপজেলার গোকুলপুর গ্রামের সুশীল শিকদারের বাড়িতে দুপুর বেলা চুরির ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে কেউ ছিলনা। এমন সুযোগে চোরেরা দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে আলমারির সিন্দুক থেকে ১৫ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৩২ লাখ ২৫ হাজার টাকা এবং নগদ ৮ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। একই দিন বিকেলে বাড়িতে ফিরে সুশীল শিকদার চুরির ঘটনা দেখতে পান।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নিখিল শিকদার গত বছরের ২৩ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায়  মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে  আদালত গত ২ নভেম্বর অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই নওগাঁ জেলাকে দেন। গত ৯ নভেম্বর মামলাটির তদন্ত শুরু করেন পিবিআই-এর পুলিশ পরিদর্শক (নিঃ) আসাদুজ্জামান।

আসাদুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ১৭ নভেম্বর নিয়ামতপুর উপজেলার বালাতৈড় বাজার থেকে প্রথমে গোকুলপুর গ্রামের টিটন কুমার ওরফে টিটুকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বাগমারা এলাকা থেকে সহযোগী নিমাই সরকার এবং চোরাই স্বর্ণের ক্রেতা  দিলীপ কুমারকে গ্রেপ্তার করা হয়। পরে টিটুর দেখানো মতে নিমাই সরকারের শোয়ার ঘর থেকে স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গত বুধবার তিনজনকে আদালতে হাজির করা হয়। তিনজনই আদালতে নিজেদের এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তিনজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, ঘটনার দিন দুপুরে টিটুসহ তার দুই সহযোগী জানালার গ্রিল বেয়ে বাড়িতে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে তারা। চুরির পর মালামাল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। টিটু তার ভাগের প্রায় ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ ৫০ হাজার টাকা নিমাই সরকারের কাছে রাখে। পরে নিমাই সরকার ওই স্বর্ণ বাগমারার দিলীপ কুমারের কাছে ৩ লাখ ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। দিলীপ কুমার ওই স্বর্ণ গলিয়ে বিভিন্ন ধরনের গহনা তৈরি করে বিক্রি করেছেন বলে তদন্তে জানা যায়।

মো. আসাদুজ্জামান আরও জানান, এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামালের অবশিষ্ট অংশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস