ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পদ্মায় ‘সোনার তরী’র চলাচল স্থগিত

  • আপডেট: Wednesday, November 11, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদীতে নোঙর করে রাখা পর্যটনবাহী জাহাজ ‘সোনার তরী’-তে অভিযান চালিয়েছে নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

অভিযানে জলযানটির চলাচলের কাগজপত্রের মেয়াদ শেষ হওয়া এবং চালকের বৈধ লাইসেন্স না থাকার সত্যতা মেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এর সকল কার্যক্রম ও চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, অভিযানকালে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের কর্মকর্তারা জাহাজের বৈধ চলাচলের অনুমতিপত্র ও হালনাগাদ নথিপত্র দেখতে চান। তবে জাহাজ কর্তৃপক্ষ তা প্রদানে ব্যর্থ হয়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা যায়, জাহাজচালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং জলযানটির প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদও অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে।

এদিকে স্থানীয় অধিবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ পর্যটনের আড়ালে জাহাজটিতে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। পর্যটনের নানা আকর্ষণীয় প্যাকেজের নামে অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণী ও বিভিন্ন যুগলকে কেবিন ব্যবহারের সুযোগ দেয়া হতো।

খোঁজ নিয়ে জানা গেছে, জাহাজটিতে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য ‘পাবলিক প্যাকেজ’ ৮০০ টাকা এবং ‘ফ্যামিলি প্যাকেজ’ ১ হাজার ৮০০ টাকা রাখা হতো। এ ছাড়া সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাদিনের জন্য ‘পাবলিক প্যাকেজ’ ১ হাজার ৮০০ টাকা এবং ‘ফ্যামিলি প্যাকেজ’ ৩ হাজার টাকা নির্ধারণ করা ছিল। তবে এ সব অভিযোগের বিষয়ে জাহাজ কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযান চলাকালে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, অনুমোদন ও বৈধ নথিপত্র ছাড়া পদ্মা নদীতে কোনোভাবেই জাহাজ চালানো যাবে না। পাশাপাশি ভবিষ্যতে কেবিন ব্যবহারের ক্ষেত্রে পর্যটকদের পরিচয় ও বৈবাহিক সম্পর্ক যথাযথভাবে যাচাই-বাছাই নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়। বৈধ প্রমাণ ছাড়া কোনো যুগলকে কেবিন না দিতে জাহাজ সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ মন্ডল জানান, “পর্যটনের নামে কোনো ধরনের অবৈধ বা নিয়মবহির্ভূত ব্যবসা চালাতে দেয়া হবে না। বৈধ নথিপত্র দেখাতে না পারায় আপাতত জাহাজটির চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।”

বিআইডব্লিউটিএর সুলতানগঞ্জ বন্দর কর্মকর্তা দীনেশ শাহ জানান, চালকের লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কাগজপত্রের কারণে আপাতত জাহাজটির চলাচল স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটিএতে হালনাগাদ কাগজপত্র জমা দিয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই কেবল এটি পুনরায় চলাচল করতে পারবে। অভিযোগ ও অভিযানের বিষয়ে বক্তব্য জানতে ‘সোনার তরী’ জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সোনালী/জগদীশ রবিদাস