ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহ সভাপতি গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, November 11, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ সংগঠনের প্রচার ও উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুক্তার শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তার মুক্তার শেখ পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য আতাউর রহমানের ছেলে। তিনি ইতিপূর্বে বানেশ্বর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ জানায়, মুক্তার শেখ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের প্রচার চালিয়ে আসছিলেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে একের পর এক উসকানিমূলক তথ্য শেয়ার করে সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সোনালী/জগদীশ রবিদাস