ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

অর্থাভাবে বন্ধের পথে আমিনুলের ক্যানসার চিকিৎসা

  • আপডেট: Wednesday, November 11, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজশাহীর পবা উপজেলার নামোপাড়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষটির এখন নিজের চিকিৎসা খরচ জোগানো তো বটেই, বেঁচে থাকার লড়াই করাই কঠিন হয়ে পড়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে আমিনুল ইসলামের শরীরে রক্তের ক্যানসার ‘মাল্টিপল মাইলোমা’ ধরা পড়ে। এর আগে হঠাৎ অসুস্থ হয়ে প্রায় এক মাস বিছানায় পড়ে ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে নিউরো মেডিসিন বিভাগে সাত দিন চিকিৎসাধীন থাকার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ক্যানসার শনাক্ত হয়। উন্নত চিকিৎসার আশায় একপর্যায়ে ভারতের একটি হাসপাতালেও গিয়েছিলেন আমিনুল। কিন্তু সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাতেই প্রায় দুই লাখ টাকা খরচ হয়ে যায়। ফলে অর্থসংকটে চিকিৎসা সম্পূর্ণ না করেই দেশি ফিরে আসতে বাধ্য হন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ছয় মাস তাকে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে। এরপর আবারও পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এই দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য আনুমানিক ১০ লাখ টাকা প্রয়োজন। অথচ এখন পর্যন্ত তিনি মাত্র একবার কেমোথেরাপি নিতে পেরেছেন। প্রতিটি কেমোথেরাপির পেছনে ব্যয় হয় প্রায় ৫২ হাজার টাকা। পরিবারের একমাত্র অবলম্বনকে বাঁচাতে মা নিজের জমি বিক্রি করে দিয়েছেন।

এ ছাড়া এলাকাবাসী ও শ্বশুরবাড়ির স্বজনদের সহযোগিতায় কিছুদিন চিকিৎসা চললেও এখন তা পুরোপুরি থমকে গেছে। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করাতে না পারায় শারীরিক অবনতির পাশাপাশি চরম মানসিক যন্ত্রণায় দিন কাটছে তার। নিজের জীবন নিয়ে আশঙ্কার চেয়েও দুই বছর দুই মাস বয়সী ছোট ছেলে ও স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে বেশি আতঙ্কিত তিনি। ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে প্রতিনিয়ত বুক ফেটে কান্না আসে এই বাবার।

পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সমাজের বিত্তবান, বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুতি জানিয়েছেন অসুস্থ আমিনুল ইসলাম। আপনাদের সামান্য সহানুভূতি ও সহযোগিতাই বাঁচাতে পারে একটি তরতাজা প্রাণ এবং একটি অসহায় পরিবারকে।

সহায়তা পাঠানোর ঠিকানা: বিকাশ (পারসোনাল): ০১৬০৬৩২৮৯২৭ ব্যাংক অ্যাকাউন্ট: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) অ্যাকাউন্ট নম্বর: ১৩১১০১০৭৮৩১৪৮ শাখা: উলিপুর, কুড়িগ্রাম রাউটিং নম্বর: ১৪৫৪৯০৭০৪