ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম

ঐতিহাসিক ৭ নভেম্বর: সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বার্থ রক্ষার আহ্বান

  • আপডেট: Saturday, November 7, 2026 - 10:30 pm

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত:

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজশাহী মহানগরীজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে আলোচনা সভা, র‌্যালি, দোয়া মাহফিল ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মহানগর বিএনপির উদ্যোগে পতাকা উত্তোলন:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। গতকাল শনিবার সকালে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, থানা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নগর ও জেলা বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‌্যালি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘সার্বভৌমত্ব র‌্যালি’ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি মালোপাড়া, সোনাদিঘির মোড় ও সাহেব বাজার হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালির আগে বাটার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ।

জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণ:

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা ও এগিয়ে নিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাম্প্রতিক আন্দোলন পর্যন্ত এ দেশের মুক্তিকামী মানুষ সবসময় রাজপথে ঐক্যবদ্ধ ছিল। অতীতে দেশের সম্পদ লুণ্ঠন ও বিদেশে পাচার করে দেশকে যে চরম অর্থনৈতিক সংকটে ফেলা হয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ধৈর্য ও সততার সঙ্গে মূল শত্রুকে মোকাবিলা করে সামনে এগোতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে, হিলি যুদ্ধের প্রেক্ষাপট এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ের অনন্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মন্ত্রী।

এছাড়া ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশের কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি এ দেশের কৃষকদের অনুপ্রেরণা জুগিয়েছেন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যাংক সুবিধার পাশাপাশি, তৈরি পোশাক শিল্পে ‘ব্যাক-টু-ব্যাক’ ব্যবস্থা চালুর মাধ্যমে অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। সৌদি আরবের আরাফাতের ময়দানে বাংলাদেশের পক্ষ থেকে নিমগাছ (যা ‘জিয়া ট্রি’ নামে পরিচিত) রোপণসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের আত্মমর্যাদা প্রতিষ্ঠার কথাও সভায় তুলে ধরেন। এছাড়াও শহিদ জিয়ার সাধারণ জীবনযাপন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের আইন-শৃঙ্খলা উন্নয়নে যে ভিত্তি তৈরি হয়েছিল, তা আজ প্রশংসনীয় পর্যায়ে পৌঁছেছে। রাজশাহী এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা মধ্যম সারির নগরী এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে উঠেছে, যা নগরবাসীর সমন্বিত অবদানেরই ফসল।

এসময় তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও এই ইতিবাচক ধারা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজশাহীকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, পুলিশ সুপার মামুন অর রশিদ, রাজশাহী মুক্তিযুদ্ধ সংসদের জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একই স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী।

রাসিকের কর্মসূচি:

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল শনিবার এই দিবসে সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ সকল ওয়ার্ড কার্যালয় ও সিটি হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর সোনাদীঘি জামে মসজিদ ও নগর ভবন ওয়াক্তিয়া মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী শহিদ জিয়া শিশু পার্ক, কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এবং শালবাগান শিশু পার্কে বিনামূল্যে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

রাবিতে বিভিন্ন আয়োজনে দিবস উদযাপন:

৭ নভেম্বর বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়। দিবসের সূচনায় সূর্যোদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় আলোচনা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরাত-ই-জাহান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, গুণী শিক্ষক প্রফেসর গোলাম ছাদিক (ফার্মেসি বিভাগ), ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর আরিফুল ইসলাম। সেখানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, সিন্ডিকেট সদস্য, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্য মুসল্লিরা উপস্থিত ছিলেন। সিনিয়র পেশ ইমাম ফাহিম মাহমুদ মোনাজাত পরিচালনা করেন।

রুয়েটে বিপ্লব ও সংহতি দিবস পালিত:

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতে গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাজশাহীর স্থানীয় তিনটি মাদ্রাসার শতাধিক এতিম শিশুর মাঝে শিক্ষা উপকরণসহ খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অধ্যাপক ড. নিয়ামুল বারী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. রবিউল ইসলাম সরকার শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও দেশের গণতান্ত্রিক যাত্রায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এদিকে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার যুগান্তকারী বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। এক বক্তব্যে তিনি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় জীবনে অবিস্মরণীয় দিন এবং জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক যাত্রায় দিনটি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়:

১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার বিপ্লবের লক্ষ্য ও প্রেরণা বুকে ধারণ করে আমাদের সবাইকে জাতীয় সংহতি প্রতিষ্ঠা, রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে। গতকাল শনিবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) ক্যাম্পাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক এ কথা বলেন। সকালে অনুষ্ঠানের শুরুতে রামেবি প্রশাসন ভবনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক ও কোষাধ্যক্ষ ডা. জাকির হোসেন খোন্দকার। পতাকা উত্তোলনের পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। অনুষ্ঠান শেষে দেশের ঐক্য-সংহতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযসহ বিভিন্ন জাতীয় আন্দোলন-সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়:

জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুরক্ষার অনন্য প্রতীক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সকাল ৬টা ১৬ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিশেষ রচনা প্রতিযোগিতা। পরে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা। উদ্বোধনের পর বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. হারুন অর রশীদ। এরপর বক্তব্য প্রদান করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শহীদুর রহমান।

রাজশাহী শিক্ষা বোর্ড:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী শিক্ষা বোর্ড ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, অনুষ্ঠানের আহ্বায়ক ও উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম নবী, কর্মচারী ইউনিয়নের সভাপতি আজাদ আলী।

পবাশহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিগত ২০ বছর ধরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করা সম্ভব হয়নি। গতকাল পবা এবং মোহনপুরে দিনব্যাপী ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দিবসটি উপলক্ষে অসুস্থদের মাঝে চিকিৎসা সহায়তার চেক প্রদান, মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং বৃক্ষরোপণ করেন।

মোহনপুর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেশরহাটে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এমপি মিলন। এরপর তিনি মোহনপুর উপজেলা অডিটোরিয়ামে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় যোগ দেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এই সভায় মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিএনপির দলীয় নেতাকর্মী এবং মোহনপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাগমারা
বাগমারা উপজেলা পরিষদ হল রুম উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজ্জোহা বাদশা।

এদিকে বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আব্দুল মালেক মানিক, সাবেক আহ্বায়ক যুবদল, বাগমারা উপজেলা। প্রধান অতিথি ছিলেন আব্দুল মালেক সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি। উপস্থাপনা করেন শাহাদাত হোসেন সাবেক সদস্য সচিব যুবদল বাগমারা উপজেলা।

বাঘা
বাঘা প্রতিনিধি জানান, শহিদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাঘা-চরঘাট আসনের এমপি আবু সাঈদ চাঁদ। তিনি বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অন্যতম শিক্ষা হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। এই চেতনাকে ধারণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাঘা ও আড়ানী বিএনপি আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর সভাপতিত্বে ও বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন।

চারঘাট
চারঘাট প্রতিনিধি জানান, চারঘাটে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।

পুঠিয়া
পুঠিয়া প্রতিনিধি জানান, পুঠিয়ায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

গোদাগাড়ী
গোদাগাড়ী প্রতিনিধি জানান, গোদাগাড়ীতে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, নেসকো’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, কাঁকনহাট পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উক্ত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম ইসলাম চৌধুরী।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তি জিয়াউর রহমানেরই গড়া। জিয়াউর রহমান ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করতেন। যাতে সবার মত প্রকাশের অধিকার থাকে এবং সোনার বাংলা বিনির্মাণ করা যায়। সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।

মান্দা
মান্দা প্রতিনিধি জানান, মান্দায় আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ দেশাত্মবোধক গানের অনুষ্ঠান।

নিয়ামতপুর
নিয়ামতপুর প্রতিনিধি জানান, নিয়ামতপুরে কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দেশাত্ববোধক গানের অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। সভা শেষে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। এছাড়াও ইউএনও’র সভাপতিত্বে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে অপর একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পোরশা

পোরশা প্রতিনিধি জানান, পোরশায় মিলনায়তনে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও সর্বসাধারনের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বদলগাছী
বদলগাছী প্রতিনিধি জানান, বদলগাছীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে দিনটি উদযাপন করা হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের মুক্ত মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

গোমস্তাপুর
গোমস্তাপুর প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক আহমদ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় দিবস পালন করেছে বিএনপি। সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।

শিবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি জানান, শিবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।

পত্নীতলা
পত্নীতলা প্রতিনিধি জানান, পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলীসহ অন্যান্যরা।

পার্বতীপুর
পার্বতীপুর প্রতিনিধি জানান, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দেশাত্মবোধক গানের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউএনও আরাফাত আমান আজিজ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকতা রাজিব হুসাইন, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি মাহাবুর রশিদ সংগ্রাম।

সোনালী/জগদীশ রবিদাস