ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

নগরীতে স্বামীকে হাতুড়ি-হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাই

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরের কোর্টের ঢালুর মোড়ে এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর, মোটরসাইকেল ভাঙচুর এবং নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ব্যক্তির স্ত্রী উম্মে আয়মা লূনা (৪৩) বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উম্মে আয়মা লূনা উল্লেখ করেন, গত ২৪ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে আলাউদ্দীন নামের এক দোকানদার কবরস্থানের লাইট কেনার টাকা দেয়ার জন্য তাঁর স্বামী ইনসান আলীকে মোবাইল ফোনে ডেকে নেন। তাঁর স্বামী কোর্টের ঢালুর মোড়ে ওই দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করতে থাকে। এতে বাধা দিলে অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা পাশের একটি সেলুনের দোকান থেকে হাতুড়ি ও হকি স্টিক এনে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর কাছে থাকা মোবাইল ফোনটি ভাঙচুর করা হয় এবং মানিব্যাগে থাকা নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে বাদী ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে জানানো হয়।

অভিযোগে কাঠালবাড়িয়া শাহাজী পাড়ার বাসিন্দা মাসুম (৩৭) ও  সম্রাট (২৫) নামের দুই ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তের জন্য ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।