ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম

ওয়ার্কার্স পার্টি’র নেতা দেবুর প্রয়াণ, পঞ্চবটি মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন

  • আপডেট: Sunday, October 25, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু আর নেই।

রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোরে বাড়িতে অবস্থানকালে দেবাশীষ প্রামাণিক দেবু হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। স্বজনরা তাঁকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। ছাত্রজীবন থেকেই দেবাশীষ প্রামাণিক দেবু প্রগতিশীল রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বাংলাদেশ ছাত্রমৈত্রীর বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন তিনি।

পরবর্তীতে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনীতির পাশাপাশি রাজশাহীর অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন নাগরিক আন্দোলনেও তাঁর বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা ছিল।

এদিকে, তাঁর এই আকস্মিক প্রয়াণে রাজশাহীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রোববার দুপুরে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর রাজশাহী নগরীর পঞ্চবটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। মহাশ্মশানে প্রয়াত দেবাশীষ প্রামাণিক দেবুর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান নানা শ্রেণি-পেশার মানুষ। প্রথমে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এরপর পর্যায়ক্রমে মহানগর জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা ও মহানগর শাখা, ন্যাপের রাজশাহী জেলা কমিটি, জেলা ও মহানগর ছাত্রমৈত্রী, যুবমৈত্রী, জাতীয় আদিবাসী পরিষদ, জাতীয় শ্রমিক ফেডারেশন, নারী মুক্তি সংসদ, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী শাখা এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোনালী/জগদীশ রবিদাস