ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ২:০৯ অপরাহ্ন

শিরোনাম

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু আর নেই

  • আপডেট: Sunday, October 25, 2026 - 11:33 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু আর নেই।

আজ রোববার (২৫ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে দেবাশিষ প্রামাণিক দেবুকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বাংলাদেশ ছাত্রমৈত্রী বিভিন্ন স্তরে দীর্ঘ সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

রাজনীতির পাশাপাশি রাজশাহীর নানা সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনেও তাঁর বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা ছিল।

তাঁর এই আকস্মিক প্রয়াণে রাজশাহীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর আজ রোববার দুপুরে নগরীর পঞ্চবটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

সোনালী/জগদীশ রবিদাস