ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি রেল স্টেশনে থামেনি দুই ট্রেন, রাতে পরীক্ষামূলক থামার সম্ভাবনা

  • আপডেট: Saturday, October 24, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন থামার কথা থাকলেও শনিবার সকালে ট্রেন দুটি থামেনি।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের ট্রিপে ট্রেন দুটি পরীক্ষামূলকভাবে স্টেশনে থামতে পারে।

এর আগে গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গতকাল শনিবার থেকে ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস ও ৭৬১ নম্বর সাগরদাঁড়ি এক্সপ্রেস রাবি স্টেশনে যাত্রাবিরতি করবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিনটেনডেন্ট স্বাক্ষরিত এক পত্রেও ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এই ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছিল।

তবে সকালে ট্রেন না থামায় কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, দীর্ঘ তিন দশকের বিভিন্ন আন্দোলন ও দাবির পর আমরা এ যাত্রাবিরতি পাচ্ছি। এ দাবির পক্ষে যারা আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন এবং নীরবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে তিনি অভিনন্দন জানান।

পোস্টে সালাহউদ্দিন আম্মার আরও উল্লেখ করেন, তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ছাড়া অন্যান্য রাতের ট্রেনগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল বাস চালুর বিষয়ে প্রশাসনের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে এবং প্রশাসন ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

শিক্ষার্থীদের প্রতি এ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এমন কোনো আচরণ না করারও অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনটি। স্টেশনটি চালুর দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন ও দাবি জানিয়ে আসছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস