ঢাকা | অক্টোবর ২৩, ২০২৬ - ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম

দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন

  • আপডেট: Friday, October 23, 2026 - 9:48 pm

স্টাফ রিপোর্টার: সমাজে ফাঁকি দেয়া ও দুর্নীতির যে প্রবণতা তৈরি হয়েছে, তা থেকে জাতিকে মুক্ত করতে শিক্ষকদেরই প্রধান ভূমিকা পালন করতে হবে। আগামী প্রজন্মকে সঠিকভাবে শিক্ষিত করার দায়িত্ব শিক্ষকদের নিতে হবে।

শুক্রবার মোহনপুরের লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এ আহবান জানান।

বর্তমান সরকারের শিক্ষা কার্যক্রমের কথা উল্লেখ করে এমপি বলেন, সরকার একটি চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করেছে। শিক্ষার্থীদের বহুমুখী শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি নিজস্ব ধর্মের চর্চাও জরুরি। ধর্মীয় অনুশাসন ছাড়া কোনো শিশু ভালোভাবে বেড়ে উঠতে পারে না। এজন্য মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের শিশুরাও যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। এছাড়া শিশুদের মেধা বিকাশে খেলাধুলা, গান-বাজনা ও কবিতা আবৃত্তির সুযোগ সৃষ্টির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক খলিলুর রহমান শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলাম মোহনপুর উপজেলা আমির উপাধ্যক্ষ জি.এম আব্দুল আওয়াল, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার ও আব্দুল কাদের মোল্লা, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো। এছাড়ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও অত্র প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।