ঢাকা | অক্টোবর ২২, ২০২৬ - ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে ঢাকায় স্থানান্তর

  • আপডেট: Thursday, October 22, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিশেষ বিমানে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় পিজি হাসপাতালে তাঁর পরবর্তী চিকিৎসা প্রদান করা হবে।

খবরটি নিশ্চিত করে ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, মন্ত্রী মহোদয় গত কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত বুধবার সকালে হঠাৎ তাঁর শরীরের অবস্থার অবনতি হলে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাকালীন তাঁকে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে।

পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে ও উন্নত চিকিৎসার তাগিদে তাঁকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি আরও জানান, গত মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন ভূমিমন্ত্রী। পরবর্তীতে বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু তাঁর দ্রুত সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগেও তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরেন। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”

এদিকে ভূমিমন্ত্রীর হঠাৎ অসুস্থতার খবর পেয়ে তাঁকে রামেক হাসপাতালে দেখতে ছুটে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, স্বাস্থ্য সচিব আনম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা, এবং রাজশাহী জেলা ‘ড্যাব’-এর সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ স্থানীয় জ্যেষ্ঠ চিকিৎসকমণ্ডলী ও বিএনপি নেতৃবৃন্দ।