ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

মহালয়ায় অনুষ্ঠিত বিদ্যার্থী পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মহালয়া উপলক্ষে অনুষ্ঠিত ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৬’-এর কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে। সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহী জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সম্প্রতি নগরীর ঐতিহ্যবাহী ভোলানাথ বিশ্বেশ্বর (বিবি) হিন্দু একাডেমিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বরেন্দ্র কলেজে মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষায় উত্তীর্ণ সেরা ৩০ জন শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয় এবং তিনজনকে দেওয়া হয় মেধা বৃত্তি।

এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেই উৎসাহিত করতে একটি করে সম্মাননা মেডেল তুলে দেওয়া হয়।

সনাতন বিদ্যার্থী সংসদ রাজশাহী জেলা শাখার আহ্বায়ক সঞ্জীবন কুমার ব্যানার্জীর সভাপতিত্বে ও মহালয়া এবং বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ইন্দ্রানী ব্যানার্জী মৌমিতার সঞ্চালনায় আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রঞ্জিত কুমার সাহা, রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার ও সহকারী প্রধান শিক্ষক অনল কুমার মন্ডল, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৌরভ পাল চৌধুরী, প্রাইম হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী প্রশান্ত কুমার দেবনাথ এবং বিশিষ্ট সমাজসেবক মির্জা পারভেজ রিপন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও তাদের নিজস্ব সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে প্রতি বছরের মতো এবারও এ ধরনের আয়োজন অনন্য ভূমিকা রাখছে।

সোনালী/জগদীশ রবিদাস