ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

  • আপডেট: Tuesday, October 13, 2026 - 11:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল উইমেন ব্যাংকিং)-এর পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই ব্যবহার করে পণ্যের প্রচার ও বিপণন আরও সহজ করা সম্ভব।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংক পিএলসির রাজশাহী শাখার ব্যবস্থাপক আলম খান, ব্যাংকটির হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক, অ্যাসোসিয়েট ম্যানেজার শাকিল আহমেদ হিমেল, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাবেক সহসভাপতি রোকসানা পারভীন এবং সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি সারিকা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা এবং স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। দুই দিনের এই প্রশিক্ষণে ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন, ব্যবসায় এআইয়ের ব্যবহার ও অনলাইন বিপণন কৌশল সম্পর্কে ধারণা দেয়া হয়। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।