ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

পরীক্ষায় অসদুপায়ের দায়ে রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার

  • আপডেট: Tuesday, October 13, 2026 - 10:48 pm

রুয়েট প্রতিনিধি: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বোর্ড অব ডিসিপ্লিন’-এর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বহিষ্কৃতদের মধ্যে ২১ সিরিজের ২ জন, ২২ সিরিজের ৩ জন, ২৪ সিরিজের ৪ জন এবং ২৫ সিরিজের ৩ জন শিক্ষার্থী রয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন বর্ষের বিজোড় সেমিস্টার ও ব্যাকলগ পরীক্ষাসমূহ বাতিল করা হয়েছে।

শাস্তিপ্রাপ্তদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখা হবে এবং পড়াশোনা সম্পূর্ণ শেষ হওয়ার পর তা ফেরত দেওয়া হবে। রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে প্রশাসন অত্যন্ত কঠোর। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সততা ও নৈতিক মূল্যবোধ অর্জন করা অত্যন্ত জরুরি।

সোনালী/জগদীশ রবিদাস