ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

  • আপডেট: Wednesday, September 30, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘মনিটরিং টিমের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল বুধবার রাজশাহীতে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. লুৎফর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বায়ু, পানি ও মাটি দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ে কঠোর নজরদারি জোরদার করা হবে এবং দূষণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন এবং সহকারী পরিচালক কবির হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, সার্বিক দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ বিষয়ে কার্যকর জনসচেতনতা বৃদ্ধির নানা কৌশল ও দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।