রাসিক প্রশাসকের সঙ্গে কারাতে দলের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণ করে সম্মাননা স্মারক ও সনদপত্র অর্জনের পর রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিভাগ কারাতে রেফারি কমিশনের সদস্য ও প্রশিক্ষণার্থীরা।
বুধবার দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কারাতে সেমিনারে সম্মাননা অর্জন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান রাসিক প্রশাসক। তিনি ক্রীড়াক্ষেত্রে তাঁদের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহীর সুনাম আরও ছড়িয়ে দেওয়ার জন্য শুভকামনা ব্যক্ত করেন।
এ সময় রাজশাহী বিভাগ কারাতে রেফারি কমিশনের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব মাহমুদুল নবী তুষার, সদস্য গোলাম মর্তুজা মিল্টন এবং প্রশিক্ষণার্থী ফাতেমা, তন্ময় ঘোষ সুজন ও ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে এ সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হয়।
কর্মচারীর মৃত্যুতে প্রশাসকের শোক ও জানাজায় অংশগ্রহণ:
এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার স্ট্রিট লাইট মিস্ত্রি গিয়াসুজ্জামানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নগরীর সবজিপাড়া নিবাসী গিয়াসুজ্জামান গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার বাদ জোহর হেতেম খাঁ বড় মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সরাসরি অংশ নেন। এ ছাড়া রাসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, মরহুমের সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।











