ঢাকা | অক্টোবর ১, ২০২৬ - ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬৮

  • আপডেট: Wednesday, September 30, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় পৃথক অভিযান চালিয়ে মোট ১৬৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ককটেলের আলামত ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার আলাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রেঞ্জ পুলিশ ও মহানগর পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। রাজশাহী রেঞ্জ পুলিশের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন অপরাধে মোট ৩৯টি মামলা নথিভুক্ত হয়। এর মধ্যে দস্যুতার ১টি, চুরির ১টি, নারী ও শিশু নির্যাতনের ৩টি এবং অন্যান্য ধারায় ৩৪টি মামলা রয়েছে।

রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত ৪০ জন, সাজাপ্রাপ্ত ৪০ জন, তদন্তাধীন মামলায় ৬৩ জন এবং অন্যান্য ধারায় ৬ জন রয়েছেন। এ ছাড়া মাদক সংক্রান্ত অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১টি সচল ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি, ১টি চাকু, ককটেলের আলামতসহ ১৮০ পিস ইয়াবা, ১৯ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম গাঁজা ও ৭৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক অভিযান পরিচালনা করেছে মহানগর পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

সোনালী/জগদীশ রবিদাস