ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে ৭ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, September 29, 2026 - 10:18 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। এ সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান তাঁর সহযোগী আল-মামুন (৪০)।

মঙ্গলবার ভোরে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় আসামির বসতবাড়িতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পালিয়ে যাওয়া আল-মামুনও একই এলাকার বাসিন্দা।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস টিম ওমরপুর হঠাৎপাড়ায় মেহেদী হাসানের বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা সম্ভব হলেও তাঁর সহযোগী আল-মামুন পালিয়ে যান। পরে আটক মেহেদীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর দেখানো মতে বসতবাড়ির সামনে খড়ি রাখার ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি স্বীকার করেছেন যে, বিক্রয়ের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ হেরোইন নিজ হেফাজতে রেখেছিলেন তিনি। তিনি এবং পালিয়ে যাওয়া আসামি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।