ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম

হার্ট ফাউন্ডেশনের নানা কর্মসূচি: প্রথমদিনে বিনামূল্যে সেবা পেলেন ২৭৭ রোগী

  • আপডেট: Tuesday, September 29, 2026 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নানা গণমুখী কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘DON’T MISS A BEAT ’, যার বাংলা অর্থ হচ্ছে ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে গণমুখী সেমিনার, আলোচনা সভা এবং ২৯-৩০ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বিনামূল্যে ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান। কর্মসূচির প্রথম দিনে প্রায় ২৭৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ডা. হাবিবুর রহমান হৃদরোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, Prevention is better than cure। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর হৃদরোগ চিকিৎসায় সুনাম অর্জন করেছে। এই আয়োজনের মাধ্যমে নিরব ঘাতক হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম। তিনি বলেন, প্রতিবছর মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ ঘটে হৃদরোগের কারণে। অকাল মৃত্যু রোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়ার পাশাপাশি সকলকে নিয়মতান্ত্রিক জীবনযাপন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান তিনি।

মুখ্য আলোচক হিসেবে হাসপাতালের চীফ কনসালটেন্ট ও ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডা. রইছ উদ্দিন বলেন, বুকে ব্যথাসহ তা গলা ও হাতের দিকে ছড়িয়ে পড়া হৃদরোগের অন্যতম লক্ষণ। এই লক্ষণ দেখা মাত্রই রোগীকে অতিদ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি।

আলোচক হিসেবে হাসপাতালের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মুহাঃ হবিবুর রহমান জানান, প্রতিষ্ঠানটি বৃহত্তর রাজশাহী অঞ্চলে চিকিৎসাসেবার অন্যতম আস্থার জায়গায় পরিণত হয়েছে। দরিদ্র ও অসচ্ছল রোগীদের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী বিনামূল্যে ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে এবং ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সুলভ করার পরিকল্পনা রয়েছে।

এর আগে স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের জমিদাতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. লিয়াকত আলী বলেন, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে খুব শীঘ্রই অ্যাম্বুলেন্স সেবা যুক্ত হতে যাচ্ছে। সম্প্রতি সেনাবাহিনী প্রধান রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। হাসপাতালের কার্যক্রম সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি অ্যাম্বুলেন্স কেনার জন্য ৫০ লাখ টাকার চেক দেন। সেই অর্থ দিয়েই হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স কেনা কার্যক্রম চলছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি-২ হাসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. মোল্লা মো. ইফতেখার হোসেন এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ.এস এম সায়েম।

সমাপনী বক্তব্যে সভাপতি জানান, যাকাত ফান্ডের মাধ্যমে দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তার পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক কাজ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে সভায় কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক আবুল কালাম মাসুদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, নির্বাহী সদস্য প্রফেসর ডা. আবু বকর সিদ্দিক, ডা. ওয়াসিম হোসেন, সেলিম রেজা খান, মনিরুল হক, ডা. গাজীউল আলম রুমী, সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু, আককাস আলীসহ ফাউন্ডেশনের আজীবন সদস্য, হাসপাতালের সহকারী পরিচালক ডা. তাজমিলুর ইসলামসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী সদস্য এনামুল হক ও মেডিকেল অফিসার ডা. খাদিজাতুল কুবরা।