ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উদ্যাপনে প্রস্তুতিসভা

  • আপডেট: Monday, September 28, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব বসতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উদযাপনে গৃহীত নানা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দিবসটি উদযাপন উপলক্ষে আগামী ৫ অক্টোবর সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত আলোচনা সভায় পরিকল্পিত নগরায়ণ, টেকসই আবাসন ও সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণের নানা দিক নিয়ে বক্তারা আলোকপাত করবেন। উল্লেখ্য, ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্ব বসতি দিবস পালিত হতে যাচ্ছে।