ঢাকা | সেপ্টেম্বর ২৮, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

শিরোনাম

তথ্য পাওয়া জনগণের আইনি অধিকার: জেলা প্রশাসক

  • আপডেট: Monday, September 28, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি অপতথ্য ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, তথ্য পাওয়া জনগণের আইনি অধিকার এবং তা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা নিযুক্ত রয়েছেন। নির্ধারিত সময়ে তথ্য না পেলে বা ক্ষুব্ধ হলে নাগরিকরা পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের আপিল কর্তৃপক্ষ এবং পরবর্তীতে তথ্য কমিশনের কাছে প্রতিকার চাইতে পারেন। তবে সরকারি-বেসরকারি দপ্তরগুলো যদি তাদের হালনাগাদ তথ্য নিয়মিত নিজস্ব ওয়েবসাইটে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করে, তবে নাগরিকদের আলাদা আবেদনের প্রয়োজন পড়ে না এবং সহজেই কাঙ্ক্ষিত সেবা মিলবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ছোট কোনো ঘটনাকে বড় করে প্রচার করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালানো হয়। যদিও জেলা ও উপজেলা পর্যায়ে অপতথ্য প্রতিরোধ কমিটি রয়েছে, তবে কেবল আইনি প্রক্রিয়ায় নয়, অপপ্রচার রুখতে মূল ভূমিকা রাখতে পারে সর্বস্তরের সামাজিক সচেতনতা।

এ সময় তিনি তথ্য উন্মুক্তকরণ ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আখতার জাহান সাথী, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা।