ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, September 19, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ, চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় ‘প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম’-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম এবং রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এবং সর্প গবেষক বোরহান বিশ্বাস রোমন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে প্রাপ্ত বিষধর ও নির্বিষ সাপের প্রজাতি, ছবিসহ সচিত্র পরিচিতি, সাপে কাটা রোগীর পরিসংখ্যান, সাপ কখন ও কী কারণে মানুষকে দংশন করে, অ্যান্টিভেনমের সঠিক ব্যবহার ও এর কার্যকারিতা এবং সর্প দংশন প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় উপকারী প্রজাতির সাপ হত্যা না করে সেগুলোকে উদ্ধার ও অবমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রশিক্ষণ সেশনে প্রশিক্ষকবৃন্দ উপস্থিত অংশগ্রহণকারীদের সাপ উদ্ধার, হ্যান্ডলিং এবং নিরাপদে প্রকৃতিতে অবমুক্ত করার বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেন। এ সময় তাঁরা সাপ উদ্ধারের ক্ষেত্রে উদ্ধারকারীর নিজস্ব নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিতকরণ এবং উপযুক্ত সরঞ্জাম ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।